ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণ ফুডস লিমিটেডের ফ্রুট ড্রিংকসের সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, বিএসটিআই’র মহাপরিচালক ও পরিচালক (লাইসেন্স), এবং উপ-পরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মান নিয়ন্ত্রণকারী পরীক্ষাগারের সুপারিশ অনুযায়ী গত ১৩ অক্টোবর বিএসটিআই এর পরিচালক মো. লুৎফর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশে প্রাণসহ ৩১টি কোম্পানির বিভিন্ন ভোগ্য পণ্যের লাইসেন্স বাতিল করা হয়।
এর মধ্যে বাতিল হওয়া প্রাণ ফুডসের পণ্যগুলো হচ্ছে- ম্যাংগো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইন আপেল, ফ্রুট ককটেল নামে বোতলজাত পানীয় । এই সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার প্রাণ ফুডসের পক্ষে আইনজীবী মো. শরীফ হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
আদালতে প্রাণ ফুডসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
আদেশের পর অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, লাইসেন্স বাতিলের বিষয়টি হাই কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত রুল জারি করেছে।
তিনি আরো বলেন, লাইসেন্স বাতিলের আগে প্রাণ ফুডস কর্তৃপক্ষকে কোনো প্রকার কারণ দর্শানো নোটিস দেয়া হয়নি।
মোখলেছুর রহমান বলেন, নিয়ম বহির্ভূতভাবে পণ্য উৎপাদন করার প্রমাণ পাওয়ার পরই বিএসটিআই তাদের লাইসেন্স বাতিল করেছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ৪ নভেম্বর একই আদালত প্রাণের বিষয়ে রুল দেয়।
রুলে প্রাণের বিভিন্ন ‘ভেজাল’ পানীয়ের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।
প্রাণের ম্যাঙ্গো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইন আপেল ও ফ্রুট ককটেল নামে বোতলজাত পানীয় এই রুলের আওতায় পড়বে।
এছাড়া প্রাণ জুসের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিবাদীরা যে নিষ্ক্রিয়তা দেখিয়েছে তাকে কেন ‘অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তাও জানতে চায় হাই কোর্ট।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওইদিনই এ রিটের ওপর পরবর্তী শুনানি হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৮ নভেম্বর হিউম্যান রাইটসের রিটের পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওইদিন তাদের মামলার শুনানি হবে। তবে পরবর্তীকালে উভয় রিটের রুল শুনানি একত্রে হবে।
এদিকে গত ৬ নভেম্বর এক সংবাদ সম্মেলন করে প্রাণ ফুডস লিমিটেডের বিভিন্ন পণ্যে ভেজালের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করে ভেজাল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে ওই সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাণের বিভিন্ন পণ্যে ভেজাল নিয়ে যে প্রচারণা চলছে তা ঠিক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২১৪০ ঘ.
bdnews24