ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাশয় ভরাট করে ভবন নির্মাণের অনুমতি দেয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমান মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- রাজউকের নগর পরিকল্পনাবিদ আবু হাসান মর্তুজা ও নকশাকার আনিসুর রহমান সরকার এবং ভবন নির্মাণের আবেদনকারী সাইফুল বারী খান টুটুল।
মামলার বাদী এসএম সাহিদুর রহমান জানান, ২০১১ সালের জুন মাসে সাইফুল বারী টুটুলের আবেদনে ক্ষমতার অপব্যবহার করে বিধি বহির্ভূতভাবে রাজধানীর সবজুবাগ এলাকায় জলাশয়ের ৩৮ দশমিক ৮০ কাঠা জমিতে ভবন নির্মাণের অনুমোদন দেন রাজউকের দুই কর্মকর্তা।
দুদক কর্মকর্তা জানান, ওই জমি রাজধানীর ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান’ এর (ড্যাপ) অধিভুক্ত জলাশয়।
প্রচলিত আইনে জলাশয় ভরাট করে ইমারত নির্মাণ শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/জেকে/১৫৩৯ ঘ.
bdnews24