২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারিদুদকের জিজ্ঞাসাবাদে ‘মুখোমুখি’ চারজন

নিয়ম ভেঙে ঋণ নেয়ার মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অংকের অর্থ সরানোর মামলায় হলমার্ক গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তার সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ব্যবস্থাপককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম ভেঙে ঋণ নেয়ার মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অংকের অর্থ সরানোর মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহা ব্যবস্থাপক এবং সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে প্রথমবারের মতো একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের চারজনকে কারাগার থেকে দুদক কার্যালয়ে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” এই চারজন হলেন- হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম, তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহা ব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান। চারজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, “তারা আমাদের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা মিলিয়ে (ক্রসচেক) দেখার জন্যই মুখোমুখি জিজ্ঞাসাবাদের উদ্যোগ।” ২০১০ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা, আগারগাঁওসহ একাধিক শাখা থেকে মোট ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলাও করেছে দুদক। এসব মামলায় গ্রেপ্তারের পর জেসমিন, তানভীর, তুষার ও ব্যাংক কর্মকর্তা আজিজকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/জেকে/১৬৫০ ঘ.