ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় ইংরেজি সাপ্তাহিক ‘ব্লিটজ’-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান রোববার শুনানি নিয়ে ওই আবেদন নাকচ করেন।
সালাহ উদ্দিন শোয়েবের আইনজীবী আকিব জামান শুনানিতে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার মক্কেলকে এই মামলায় জড়ানো হয়েছে।
অন্যদিকে মামলার বাদী মো. সাজ্জাদ বলেন, সালাহ উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর তার স্বজনরা তাকে হত্যার হুমকি দিচ্ছে। এইজন্য নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) তিনি করেছেন।
গত বুধবার ব্লিটজ সম্পাদক সালাহ উদ্দিন শোয়েবকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়।
সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, যৌথ মালিকানায় সয়াবিন তেলের ব্যবসা করার কথা বলে বাদীর ৭৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
সালাহ উদ্দিন শোয়েবকে ২০০৩ সালে বিমানবন্দর থেকে বিদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে ওই সময় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগও আনা হয়।
সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোকে জড়িয়ে ব্লিটজ পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানসহ সারা বিশ্বে ঘটনাটি আলোচিত হয়। তবে পাকিস্তানের নেতারা এই সংবাদটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০৪৪ ঘ.
bdnews24