২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে প্রতিহত করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত-শিবিরকে প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত-শিবিরকে প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। মহীউদ্দীন খান আলমগীর বলেন, “আপনারা পুলিশকে সহযোগিতা করুন। আমরা প্রমাণ করবো পুলিশ কোনো দুর্বৃত্ত জামায়াত-শিবিরকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।” একদিন আগে মন্ত্রীর একই ধরনের আহ্বানের জবাবে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছিলেন, জামায়াত-শিবিরকে প্রতিহত করা যুবলীগের কাজ নয়। বৌদ্ধ মন্দিরে হামলার প্রায় দেড়মাস পর খালেদা জিয়ার রামু সফরকে কুমিরের কান্না হিসেবেও আখ্যায়িত করেন মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, “খালেদা জিয়া জামায়াতের নেতাদের নিয়ে আজ (শনিবার) রামু গেছেন। দেড় মাস পরে খালেদা জিয়া রামু সফরে গেছেন এটা কুমিরের কান্না ছাড়া আর কি?” সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগের ভয়ে জামায়াত-শিবির গর্তে ঢুকেছে। “এই বিষধর সাপ যেন আর গর্ত থেকে বের হতে না পারে- সেজন্য আপনাদের মাঠে থাকতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সহযোগিতা করবে।” জামায়াত-শিবিরকে প্রতিহত করতে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দলের নেতা-কর্মীদের পাড়ায় ও মহল্লায় কর্মসূচি গ্রহণের তাগিদও দেন হানিফ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হবে এবং রায় ঘোষণা করা হবে উল্লেখ করে হানিফ বলেন, “কোনো ষড়যন্ত্রই এ বিচার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না।” স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেয়ার কারণে আগামীতে বিএনপি যুদ্ধাপরাধী হিসাবে পরিচিতি পাবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কার্যনির্বাহী পরিষদের সদস্য এনামুল হক শামীম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সানজিদা খাতুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৪৮ ঘ.