২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সালিশ পদ্ধতির সুফল পেতে দরকার সচেতনতা’

সালিশী পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সুফল পেতে ব্যবসায়ীদের সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশী পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সুফল পেতে ব্যবসায়ীদের সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (বিয়াক) এক সভায় মন্ত্রী এ কথা বলেন। জি এম কাদের বলেন, আমাদের দেশে অন্যান্য বিষয়ের চেয়ে সুশাসনের ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে। এর মধ্যে বাণিজ্যিক বিরোধগুলো ‘বিয়াকে’ নিষ্পত্তি করা গেলে সবাই তার সুফল পাবে। এজন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে সালিশী পদ্ধতিতে বাণিজ্যিক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তির বিষয়ে বেশি করে প্রচার চালাতে হবে বলে মনে করেন তিনি। সভায় বিয়াক-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে প্রায় ২০ লাখ মামলা বিচারাধীন আছে। এর মধ্যে আছে সাত লাখ দেওয়ানি মামলা। বাণিজ্যিক বিরোধ সংক্রান্ত মামলাগুলো সালিশী পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তি সম্ভব বলে মত দেন তিনি। সভায় বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এম এ লতিফ, চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বক্তব্য রাখেন। সালিশী পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি’ বিষয়ক এই সভা আয়োজন করে বিয়াক ও চট্টগ্রাম চেম্বার। বিয়াকের প্রধান নির্বাহী ড. তওফিক আলী বাংলাদেশের আদালতে মামলা নিষ্পত্তির অবস্থা, বিকল্প বিরোধ নিষ্পত্তির স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম ও বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/১৮৩৮ ঘ.