ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মুখপাত্র কমান্ডার এম. সোহায়েল জানান, শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ থেকে নিতাই হত্যা মামলার অন্যতম আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর একটি দল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসছে বলে সোহায়েল জানান।
শনিবার বিকেলে র্যাব সদরদপ্তরে হোসেনকে সাংবাদিকের সামনে হাজির করা হলে ওই রাতে নিতাইয়ের বাসায় যাওয়ার কথা স্বীকার করেন তিনি।
হোসেন আরো বলেন, তার (নিতাইয়ের) গাড়ি চালক তাদেরকে জানিয়েছিল, ওই বাসায় একশ ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকা রয়েছে। মূলত ওই অর্থ ও স্বর্ণ আনতেই তারা ওই রাতে নিতাইয়ের বাসায় গিয়েছিল বলে জানান তিনি।
হোসেনকে সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সোহায়েল বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে ওই ধরনের কোন তথ্য পাওয়া গেলে তাকে সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
গত ২৩ অগাস্ট মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্বাচিপ নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই।
নিতাই হত্যা মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন- রফিকুল ইসলাম, মাসুম ওরফে মিন্টু, সাইদুর, পিচ্চি কামাল, পেদা মাসুদ ও ফয়সাল। জবানবন্দিতে তারা ডা. নিতাইকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/এইচএ/১৭৫৩ ঘ.
bdnews24