পটুয়াখালী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলা পরিষদের প্রায় সাড়ে ৫৯ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এক তদন্তে বেরিয়ে এসেছে।
বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনিছুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে জেলা পরিষদের ৫৯ লাখ ৪৮ হাজার ১৮৪ টাকা আত্মসাৎের দায়ে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র দুয়ারী, হিসাব রক্ষক জয়দেব চন্দ্র বল ও বার্তাবাহক নাসির উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে।
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খাঁন মোশারেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন বছরে জেলা পরিষদের খেয়াঘাট, পুকুর, জমি, পাবলিক টয়লেট ইজারা ও অফিসের হল রুম ভাড়া দিয়ে এই অর্থ আয় হয়। নাসির ও পরিমল সেই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জয়দেব সরাসরি জড়িত নন, তবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত না করায় তিনি এ দায় এড়াতে পারে না বলেও প্রতিবেদনে বলা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১১ ঘ.
bdnews24