চাঁদপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত সালমা আক্তার (২৫) হাজীগঞ্জ পৌর এলকার বদরপুর গ্রামের জিতু মিয়ার মেয়ে। তিনি উপজেলার বদরপুর গ্রামের পাটওয়ারী বাড়ির এশু মিয়ার ছেলে জহিরুল ইসলামের স্ত্রী।
সালমার বাবা জিতু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭/৮ বছর আগে জহিরুল ইসলামের সঙ্গে সালমার বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের জন্য তার মেয়ের উপর নির্যাতন শুরু হয়। এরপর জহিরুলকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে থেকে ৩ মাস আগে দেশে ফিরে এলে আবারো যৌতুকের জন্য জহিরুলের পরিবার সালমার উপর নির্যাতন শুরু করে।
তিনি বলেন, “বৃহস্পতিবার রাতেও নির্যাতনের পর মুমূর্ষু সালমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত ১টায় তার মৃত্যু হয়।”
এ ঘটনায় তিনি জহিরুল ইসলাম, এশু মিয়া ও সালমার শাশুড়ি মাসুমা বেগমকে আসামি করে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নেপাল কৃষ্ণ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সালমার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এখনো কেউ আটক হয়নি। ঘটনার পর থেকে সালমার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৫০০ ঘ.
bdnews24