পঞ্চগড়, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে হিযবুত তওহিদের তিন সদস্যকে মঙ্গলবার পুলিশ আটক করেছে।
এ সময় তাদেও কাছ থেকে নিষিদ্ধ এই সংগঠনের বেশ কিছু বই ও সিডি উদ্ধার করা হয়।
আটককৃতরা হল সজিব হাসান, জাহিদ ইসলাম ও হুজাইফা ইসলাম। এই তিন কিশোরের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটামোড়া ইউনিয়নের সিন্দুরকোটা গ্রামে।
সজিব গাংনী ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, জাহিদ এসকেএস মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী ও হুজাইফা বাউট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, শহরের সিনেমাহল রোডে সন্দেহজনক গতিবিধি এবং লোকজনের মাঝে বই ও সিডি বিক্রির সময় তাদের আটক করা হয়। তারা শহরের রাজনগরে একটি ভাড়া বাড়িতে একমাস ধরে অবস্থান করছিল। তাদের সঙ্গে হুজাইফার মা ও বাবা এবং জাহিদের খালাতো বোনও ছিল। তবে, তাদেরকে আটক করা যায়নি।
আটক জাহিদসহ তিনজন নিজেদের হিযবুত তওহিদের সদস্য বলে দাবি করেছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তাদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৫৬ ঘ.
bdnews24