বাগেরহাট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ আরও ৪৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে তাদের আটক করা হয়।
সোমবার রাতে তাদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়। রাতেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি।
এর আগে গত রোববার একই এলাকা থেকে দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। তারা এখন বাগেরহাট জেলা কারাগারে আছেন।
মংলায় নৌবাহিনীর লে. কমান্ডার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় ভারতীয় জেলেরা মাছ শিকার করতে থাকে। এসময় জাহাজ তিস্তায় টহলে থাকা নৌবাহিনীর সদস্যরা ৪৬ ভারতীয় জেলে ও তিনটি ফিশিং ট্রলার আটক করে।
শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকার করার অপরাধে পৃথক দু’টি মামলা হয়েছে। রাতেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। আটক ট্রলারগুলো হচ্ছে এফ বি মা গঙ্গা-২, এফবি মা গঙ্গা-৫ এবং এফ.বি সত্যনারায়ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৮৩৮ ঘ.
bdnews24