২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের ১৩ কর্মী আটক

চট্টগ্রামের কাজীর দেউরী থেকে জামাল খান পর্যন্ত ঝটিকা মিছিল করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কাজীর দেউরী থেকে জামাল খান পর্যন্ত ঝটিকা মিছিল করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় এক পুলিশ সদস্যের ওপরও হামলা চালিয়েছে তারা। পুলিশ আটক করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১৩ কর্মীকে। শিবিরের ঝটিকা মিছিলের পর চট্টগ্রাম সরকারি কলেজের দুটি আবাসিক হলে অভিযান চালায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে নগরীর কাজীর দেউরী মোড়ে লাঠিসোটা নিয়ে ঝটিকা মিছিল বের করে জামায়াত ও শিবিরের শতাধিক নেতাকর্মী। মিছিল নিয়ে জামাল খানের দিকে যাওয়ার সময় একটি ট্রাক ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। এ সময় পুলিশ বাধা দিলে জামায়াত ইসলামীর কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরে মিছিলকারীরা জামালখান হয়ে চট্টগ্রাম সরকারি কলেজের দিকে পালিয়ে যায়। জামালখান মোড়ে দায়িত্বপালনরত এক ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা করে শিবিরকর্মীরা। কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল করতে বাধা দিলে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এ সময় নয়জনকে আটক করা হয়। পরে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরে বাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে চার শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জেকে/১৮১০ ঘ.