ময়মনসিংহ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলার আসর বসানোয় যাত্রাপালার অনুমতি বাতিল করে দিয়েছে আদালত।
সোমবার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোহাম্মদ ফরিদ আলম পুলিশকে যাত্রাপালা বন্ধ করে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী শেখর রঞ্জন ভদ্র সাংবাদিকদের জানান, নান্দাইলের শতবর্ষ পালন উপলক্ষে তহবিল গঠনের জন্য মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনের অনুমতি পায় নান্দাইল ক্রীড়া সংস্থা। শর্ত ছিল, যাত্রাপালা দিনের বেলা হতে হবে এবং সেখানে জুয়ার আসর বসানো যাবে না।
কিন্তু আয়োজকরা এ নিয়ম ভাঙলে নান্দাইল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া আদালতে মামলা করেন।
আদালত নান্দাইল থানার ওসিকে যাত্রাপালা বন্ধ করে পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দিতে বলেছে বলে জানান এই আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২২ ঘ.
bdnews24