ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুততম সময়ের মধ্যেই জেলহত্যার বিচার শেষে রায় কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা।
জাতীয় চার নেতাকে হত্যার বিচার সম্পন্ন না হওয়ার দায় প্রধান বিরোধী দল বিএনপি এড়াতে পারবেনা বলেও মন্তব্য করেন তারা।
জেলহত্যা দিবস উপলক্ষে শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলখানায় জাতীয় চারনেতা হত্যার দায় কোনোভাবেই জিয়াউর রহমান ও বেগম জিয়া এড়াতে পারে না।”
“বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। জেল হত্যার পুনর্বিচারও দ্রুততম সময়ে শেষ করা হবে”, যোগ করেন তিনি।
বিএনপি জেলহত্যার বিচারকে প্রহসনে পরিণত করেছিল উল্লেখ করে তিনি দাবি করেন, “তথ্য-প্রমাণ রেকর্ডে আছে। কোনো অবস্থাতেই তারা এ দায়িত্ব এড়াতে পারবে না।”
১৯৭৫ এর ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। পরবর্তী সময়ে ওই দিনটি অভিহিত হয় জেলহত্যা দিবস হিসেবে।
জেলহত্যার ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। এরপর ৬ বছর মামলার বিচার চলার পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন।
২০০৮ সালের ২৮ অগাস্ট হাই কোর্ট রিসালদার মোসলেহউদ্দিনের ফাঁসির আদেশ বহাল রেখে মৃত্যুদ-প্রাপ্ত অপর দুই আসামি মারফত আলী শাহ এবং আবুল হোসেন মৃধাকে খালাস দেয়। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অব্যাহতিপ্রাপ্ত মেজর মো. বজলুল হুদা, অবসরপ্রাপ্ত মেজর একেএম মহিউদ্দিন আহম্মদকে খালাস দেয় হাই কোর্ট।
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে। আগামী ৪ নভেম্বর এ মামলার শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “১৫ আগস্ট, জেলহত্যা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো আমরা বিভিন্ন দিবস পালন করি যাতে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাসটা জানতে পারে; এ জাতির জন্য, স্বাধীনতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তাদের সম্পর্কে তারা জানতে পারে।”
এম মনসুর আলীর পুত্র ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “সুপ্রিম কোর্টের বিচারকদের বলবো ন্যায় বিচার করুন। জাতি কেন বিচার পেল না। মওদুদ আহমেদ বিচারকাজ ঠেকাতে বিচারক বাতিল করলো। বিচারের নামে প্রহসন হয়েছে।”
স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি দেশের স্বার্বভৌমত্ব নষ্ট করতে পরিকল্পিত ভাবে কাজ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, “জাতির জনককে হত্যার পর বার বার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে আঘাত হানা হয়েছে। জেলহত্যাও সেই ষড়যন্ত্রের একটি অংশ।”
বর্তমান সরকারের মেয়াদেই জেল হত্যার আসামীদের বিচার করা হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, “জেল হত্যা ষড়যন্ত্রের কোনো ক্ষুদ্র অংশ ছিল না। এটা ছিল ১৫ আগস্টের ধারাবাহিকতারই অংশ।”
সভায় শহীদ তাজউদ্দিনের কন্যা সিমিন হোসেন রিমি তার বাবার স্মৃতিচারণ করে বলেন, “জাতীয় চার নেতাকে হত্যার পর একটি তদন্ত কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে বিএনপি সেই কমিটির কাজ বন্ধ করে দেয়।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/২১০৩ ঘ.
bdnews24