২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ক্ষেপণে উষ্মা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

যুদ্ধাপরাধে অভিযুক্তদের আইনজীবীদের সময়ক্ষেপণ এড়াতে বিচারকদের শক্ত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন বিচার দাবিতে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ইমরান হোসেন ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আইনজীবীরা অযথা সময় নিচ্ছে বলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালও উষ্মা প্রকাশ করেছে। এটা বিচার বিলম্বিত করার কৌশল বলে মনে করছে এই বিচারের দাবিতে আন্দোলন সংগঠনকারীরাও। এই জন্য বিচারকদের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা। বৃহস্পতিবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা আসামি পক্ষের সময়ক্ষেপণে উষ্মা প্রকাশ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক শাহিনুর ইসলাম বলেন, “আমি অবশ্যই বলব যে সময় নষ্ট হচ্ছে।” অন্যদিক ট্রাইব্যুনাল-১ এর বিচারক নিজামুল হক নাসিমও আসামি পক্ষকে অনেক সময় নেয়ার কথা স্মরণ করিয়ে দেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের গতি নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করে আসছেন। কারো কারো আশঙ্কা, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের মেয়াদে বিচার না হলে অভিযুক্তরা পার পেয়ে যেতে পারেন। এ বিষয়ে অধ্যাপক মুনতাসির মামুন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি পক্ষ এ কাজটিই তো করবে। কারণ তারা মনে করছে, এই সরকারের পতন হলে তারা বিচার এড়াতে পারবে। তাই তারা সময় নষ্ট করছে।” দেরি এড়াতে বিচারকদের হস্তক্ষেপ প্রত্যাশা করে তিনি বলেন, “আসামি পক্ষকে সময়ক্ষেপণ করতে না দিয়ে সময় বেঁধে দিতে হবে।” যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত হিসেবে জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সাবেক আমির গোলাম আযমসহ শীর্ষ নয় নেতার বিচার চলছে। এছাড়া বিচারের সম্মুখীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীম। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হল বিএনপি নেতৃত্বাধীন জোট, যাতে জামায়াতে ইসলামীও রয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাজ শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদারকে ১৫ মিনিট ধরে একটি বিষয় বোঝাতে ব্যর্থ হওয়ার পর বিচারক শাহিনুর ইসলাম বলেন, “আমি অবশ্যই বলব যে সময় নষ্ট হচ্ছে।” ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের অভিযোগের তদন্তকারী গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাককে জেরা করছিল আসামি পক্ষ। জেরার সময় সাক্ষীর সঙ্গে দ্বিমত প্রকাশ ও তাকে পরামর্শ দেওয়ার ধরন এবং এ দুটি বিষয় ও যুক্তি-তর্ক করার মধ্যে পার্থক্য, বিচারকাজ চলার সময় বিভিন্ন কার্যক্রমের আইনি পরিভাষাসহ পেশাগত বিভিন্ন বিষয় আসামি পক্ষের আইনজীবীকে বোঝাতেই ট্রাইব্যুনালকে পুরো দিন পার করতে হয়। এক পর্যায়ে তদন্ত কর্মকর্তাকে করা আসামি পক্ষের একটি প্রশ্নে বিচারক হেসে উঠেন। কিছু বিষয়কে আরো স্বচ্ছ করতে বলেন এবং অবশেষে সেগুলোকে ‘অযৌক্তিক ও অবান্তর’ হিসেবে গণ্য করেন। দিনের বেশির ভাগ সময় এভাবেই চলে যায়। তরফদার একটি প্রশ্ন করতে কয়েক মিনিট সময় নিচ্ছিলেন এবং তারপর আবার পেছনে বসা কনিষ্ঠ সহকর্মীদের কাছে প্রশ্নের যথার্থতা যাচাই করছিলেন। “ঘাটছড়ায় যারা শহিদ হয়েছেন, তাদের কাউকে আপনি সাক্ষী করেননি,” তদন্ত কর্মকর্তার প্রতি আসামি পক্ষের এই প্রশ্নে হেসে উঠেন বিচারক। বিচারক ওবায়দুল হাসান বিস্মিত হয়ে বলেন, “একজন শহীদকে উনি সাক্ষী বানাবেন কীভাবে?” এদিন প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও একই অবস্থা চলছিল। সেখানে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমানকে জেরা করতে আসামি পক্ষ ১২ দিন সময় নেয়। এ মামলায় উপস্থাপিত ৫২৩টি আলামতের মধ্যে মাত্র সাতটির বিষয়ে জানতেই তারা এ সময় নেন। এক পর্যায়ে ট্রাইব্যুনাল রোববারের মধ্যে জেরা শেষ করতে বলেন। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক জানতে চান যে, তদন্ত কর্মকর্তার উপস্থাপিত সব আলামতের জেরা করতে আসামি পক্ষের কত সময় লাগবে। আসামি পক্ষের আইনজীবী এম তাজুল ইসলাম বলেন, বিচারের স্বার্থে সময় বেঁধে না দিলেই ভালো হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনাল উভয় পক্ষকে জানান, তারা গোলাম আযমের মামলা উপস্থাপন করতেই পাঁচটি অধিবেশন ব্যয় করেছেন। প্রথম ট্রাইব্যুনালে সাঈদীর মামলায় তদন্ত কর্মকর্তা এএসপি হেলাল উদ্দিনকে জেরায় প্রায় ৫০ দিন সময় নিয়েছে আসামি পক্ষ। এ মামলায় এমাসেই আসামি পক্ষ ও প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এইচএএইচ/এমআই/২৩০৯ ঘ.