সাতক্ষীরা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় রুপালী ব্যাংকের প্রধান শাখা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর স্বাক্ষর জাল করে তার ব্যক্তিগত হিসাব থেকে টাকা তুলে নেয়ার চেষ্টার ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে জালিয়াতির প্রমাণ পাওয়ায় গত ২৩ অক্টোবর ব্যাংকের ওই শাখার আরেক কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
রুপালী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. নাসির সাংবাদিকদের জানান, জালিয়াতির ঘটনার সত্যতা পাওয়ায় গত ২৩ অক্টোবর ব্যাংকের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে জ্যেষ্ঠ কর্মকর্তা গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত এবং ব্যাংকের আরেক কর্মকর্তা মো. ময়নদ্দিনকে খুলনার পাইকগাছা শাখায় শাস্তিমূলক বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর এপিএস মোশায়েদ আলী খোকন জানান, ওই শাখায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের একটি সঞ্চয়ী হিসাব নম্বরে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিল।
গত ১৫ অক্টোবর ওই ব্যাংকের সিনিয়র অফিসার গোলাম মোস্তফা মন্ত্রীর স্বাক্ষর জাল করে চেক বই নিয়ে সব টাকা তুলে নেয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাংক ব্যবস্থাপক বিষয়টি বুঝতে পেরে চেকটি আটকে দেন।
পরে এ নিয়ে পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়। ২২ অক্টোবর ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয় তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৬ ঘ.
bdnews24