ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে পরিবেশ আইন লংঘন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অপরাধে এর কর্তৃপক্ষকে ১৬ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
শিফা কম্পোজিট টেক্সটাইল লি. এর ১৪ তলা এ বাণিজ্যিক ভবনটি মিরপুর-১০ সেকশনের ডি-ব্লক (রোড নম্বর- ৩৬, প্লট- ১৫/১ডি)-এ ছয় হাজার বর্গফুট জমিতে নির্মাণ করা হচ্ছে। এর বেজমেন্টসহ চার তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বৃহস্পতিবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামকে এ জরিমানা করেন।
সেইসঙ্গে অধিদপ্তরের নির্দেশনা মেনে ভবন নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহুতল এই ভবন নির্মাণের সময় এর চারপাশে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী খোলা জায়গা না রেখে পাকা করা হয়। এছাড়া ভবন নির্মাণ কাজে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়নি।
এমনকি ভবনের পাশে দেড় মিটার জায়গা রাখার বিধান থাকলেও মাত্র শূন্য দশমিক ৪৯ মিটার জায়গা রাখা হয়ছে। এতে পাশ্ববর্তী ভবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯০৭ ঘ.
bdnews24