২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার মধ্যরাত থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে দুই সেতু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সব যানবাহনকে শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 04:29 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কুমিল্লা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সব যানবাহনকে এই সময়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। সেতু বন্ধের ২ ঘন্টা আগে শনিবার রাত ১০টা থেকে কুমিল্লার ময়নামতি ও ঢাকার কাঁচপুর পয়েন্টে সেতুমুখী যান চলাচল বন্ধ করে দেয়া হবে। সড়ক বিভাগ কুমিল্ল¬ার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম জানান, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কার পরবর্তী রক্ষণাবেক্ষণ কাজ চতুর্থ দফায় শনিবার রাতে শুরু হবে। সেপ্টেম্বর মাসে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তায় অস্থায়ীভাবে সেতু দুটির মেরামত কাজ শেষ করা হয়। তবে মেরামতের পর কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবারের প্যাড, প্লেট ও নাট খসে পড়ে। তাই ১৫ দিন পরপর কয়েক দফায় দুটি সেতু বন্ধ করে মেরামত কাজ করা হচ্ছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৭ নভেম্বরও মধ্যরাত থেকে ছয় ঘণ্টা সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকবে। এর আগে গত ৬ ও ২০ অক্টোবরও মধ্যরাত থেকে ছয় ঘণ্টা সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকে। বিআরটিএ সেতু বন্ধ থাকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরনের যানবাহনকে বিকল্প সড়ক হিসেবে চলতে বলেছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী যানবাহনকে কুমিল্ল¬া সেনানিবাস এলাকা থেকে কুমিল্ল¬া-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী যানবাহনকে কাঁচপুর ব্রিজ-নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া হয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। হাইওয়ে পুর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম জানান, সেতু দুটির মেরামত কাজ চলাকালে কুমিল্ল¬ার ময়নামতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী হয়ে যানবাহন চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ তৎপর থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০১৮ ঘ.