২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিরা ফিরছেন

৫৮২ জন হাজি নিয়ে ফিরেছে বুধবার বিমানের প্রথম হজ ফিরতি ফ্লাইট। এর একদিন আগে হাজিদের নিয়ে ফিরেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারের ফ্লাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ শেষে সৌদি আরব থেকে হাজিদের দেশ ফেরা শুরু হয়েছে। ৫৮২ জন হাজি নিয়ে বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফিরতি ফ্লাইট। এর আগে সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ার ফিরতি ফ্লাইট মঙ্গলবার থেকে শুরু করেছে। বিমানের জনসংযোগ বিভাগের পরিচালক খান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যালটি (সরকারিভাবে যাওয়া) হাজিদের বহনকারী একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ (বিজি-০৩৮) বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকায় পৌঁছায়।” হাজিদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বিমানের হজ ফিরতি ফ্লাইট শেষ হবে ৩০ নভেম্বর। মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান ৫৪ হাজার ১৭৯ জন হাজিকে জেদ্দা থেকে ঢাকায় আনবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ১০ হাজার ৫৫০ জন হজে গেছেন। হজ ফিরতি ফ্লাইট পরিচালনায় মোট ১৩৬টি ফ্লাইট ব্যবহার করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান। এর মধ্যে ছয়টি ফ্লাইটে শুধু ব্যালটি হাজিদের, ১০৭টি ফ্লাইটে শুধু নন-ব্যালটি হাজিদের আনা হবে। এছাড়া ২৩টি নিয়মিত ফ্লাইটে আনা হবে বাকি হাজিদের। গত ১৭ সেপ্টেম্বর ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে বিমানের হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রী পরিবহন শেষ হয় ২০ অক্টোবর। বিমান ১৩৪টি ফ্লাইটে মোট ৫৪ হাজার ১৭৯ জন হজযাত্রী পরিবহন করে। এবছরই প্রথম ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকে আটটি এবং সিলেট থেকে দুটি হজ ফ্লাইট চালু করে বিমান। হজযাত্রী পরিবহনকারী অন্য দুই বিমান সংস্থা সৌদি আরবের সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট শেষ হবে ৩০ নভেম্বর। ওই দেশের বেসরকারি সংস্থা নাস এয়ারের ফিরতি ফ্লাইট শেষ হবে ২৮ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯৪০ ঘ.