ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের পল্লবীতে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক বিশ্ব বিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পল্লবীর পিজা হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আহমেদ নোমান (২৫) বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির ছাত্র বলে পুলিশ জানায়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজম্মেল হক জানান, সুপারলিংক পরিবহনের বাসটি নোমানের মোটর সাইকেলে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
মিজান ও বিপ্লব নামের দুই বন্ধু নোমানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোমানের বাবার নাম কাজি গিয়াসউদ্দিন। তাদের বাড়ি বরিশালের গৌরনদীতে। ঢাকায় মিরপুর ১২ নম্বর সেক্টরের একটি মেসে থাকতেন নোমান।
এসআই মোজম্মেল জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালক বাবুকে আটক করা হয়েছে। নোমানের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭২৪ ঘ.
bdnews24