আসাদুজ্জামান আসাদ
বেনাপোল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসব, বিশ্বকর্মা পূজা, ঈদ-উল-আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দশদিন বন্ধের পর সোমবার বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে।
সকালে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। তবে বেনাপোল শুল্ক বিভাগ, বন্দর, সিএন্ডএফ ও ট্রান্সপোটের্র সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এখনো না ফেরায় কাজ চলছে ধীর গতিতে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ২৪৮টি ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করেছে এবং ভারতে গেছে ১৩০টি ট্রাক।
দীর্ঘদিন পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন ব্যাপক পণ্যজট সৃষ্টি হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববারের আগে বন্দরের কাজে স্বাভাবিক গতি ফিরে আসবে না।
সোমবার খোলা থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় আমদানি-রপ্তানি কিছুটা ব্যাহত হচ্ছে।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার বলেন, “দীর্ঘ ছুটি থাকায় বন্দরে আমদানি পণ্যের চাপে পণ্যজটের আশঙ্কা রয়েছে। এজন্য বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।”
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মাসুদ সাদিক জানান, দ্রুত পণ্য খালাস করার জন্য কাস্টমসের সব বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24