২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেছেন, বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে খেলতে না পারে- সেজন্য সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গণভবণে রোববার দুপুরে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর ঘোষণা দেন বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু সংঘরাজ ধর্মসেনা মহাথেরো। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সবাইকে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্ম যার যার। উৎসব সবার।” অল্প সময়ের মধ্যে দুর্গা পূজা, ঈদুল আযহা এবং সোমবার প্রবারণা পূর্ণিমা উদযাপিত হতে যাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “সবাই যেনো উৎসবগুলো পালন করতে পারে, সে পরিবেশ আমরা সৃষ্টি করেছি। “সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছি। সবাই এই দেশে সমান অধিকার নিয়ে থাকবে।” তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রত্যেক ধর্মেই মানবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে। এক ধর্মের প্রতি আরেক ধর্মের সম্মান দেখানোর কথা বলা হয়েছে। “তারপরও একেক সময় কী যেনো হয়ে যায়। অনেকের মধ্যে পশুত্ব চলে আসে।” রামুর ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের কষ্ট আপনারা ধর্মীয় প্রতিষ্ঠান হারিয়েছেন। আর, আমরা শত বছরের ঐতিহ্য হারালাম।” শেখ হাসিনা বলেন, এভাবে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে কেউ ভাবে নি। রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শন করতে গিয়ে তার চোখে পানি চলে এসেছিলো বলে জানান সরকার প্রধান। সেনাবাহিনী, বিজিবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিহত না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তো মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “কোনো মেয়ে যেনো ক্ষতিগ্রস্ত না হয়- তা নিশ্চিত করা হয়েছে।” প্রধানমন্ত্রী আরো জানান, ক্ষতিগ্রস্ত প্যাগোডাগুলো সেনাবাহিনী এবং বিজিবি নির্মাণ করে দেবে। বর্তমান সরকারের সময়ে অর্থনীতিসহ বিভিন্ন খাতে উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো এবং বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া। এই আহ্বানের জবাবে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ঐচ্ছিক ছুটি থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যারা সরকারি চাকরি করেন, তারা সবাই ঐচ্ছিক ছুটি নিতে পারেন। আপনাদের ছুটি আমরা নিয়ে কী করবো ?” ঢাকায় আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া। প্রধানমন্ত্রী তাকে জানান, যতটুকু সহযোগিতা করার- তা করা হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বৌদ্ধ ফেডারেশনের সভাপতি বিশ্বপতি বড়–য়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কনক কুমার বড়–য়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সজল তালুকদার বড়–য়া এবং ঢাকা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৫৫৮ ঘ.