কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য সময় যাই হোক না কেন, কোরবানির ঈদ এলেই চাহিদা বেড়ে যায় কসাইদের, যার ব্যতিক্রম এবারো ছিল না।
পেশাদার কসাইয়ের পাশাপাশি এক দিনের জন্য অনেকে ‘অতিথি কসাই’ বনে গেলেও তাদের পেতেও শনিবার ঈদের দিন হিমশিম খেতে হয়েছে রাজধানীবাসীকে।
কাঁঠালবাগানের সরকারি চাকরিজীবী রাকিবুল ইসলাম মিয়া ঈদের আগের দিন শুক্রবার হন্যে হয়ে কসাই খুঁজছিলেন।
“গত এক সপ্তাহ ধরে কসাই খুঁজছি। কিন্তু কোথায়ও পাচ্ছি না।”
‘অতিথি কসাই’ খুঁজে দেখেন- বলতেই জবাব এল, “ভাই, অতিথি কসাই-জাত কসাই সব খুঁজছি, পাওয়া যাচ্ছে না। সবাই বলছে, তাদের কাজের চুক্তি হয়ে গেছে।”
যারা সচরাচর কসাইয়ের কাজ করেন না, শুধু কোরবানির ঈদের দিনই গরু জবাই থেকে শুরু করে কাটাকাটির কাজটি করে দেন, তাদেরই অনেকে ‘অতিথি কসাই’ বলে ডাকেন। এদের অনেকে ঢাকার বাইরে থেকেও আসেন।
কামরাঙ্গীরচরের বাসিন্দা আওলাদ হোসেন জোগাড় করেছেন এই রকমই ‘অতিথি কসাই’, তার নাম জব্বার বলে জানালেন।
“জাত কসাই পাব কোথায়? এ (জব্বার) প্রতি ঈদে গরু জবাই ও ছাড়ানোর কাজ করে। অন্য সময় আমাদের এলাকায় ডিস লাইনে কাজ করে,” বলেন আওলাদ।
পেশায় কসাইরা গরুর দামের ওপর ভিত্তি করে জবাই ও মাংস কাটার জন্য টাকা নেন। তবে ‘অতিথি কসাই’রা এই বিষয়টি আলোচনার মাধ্যমেই ঠিক করেন।
আওলাদ গত বছর গরুর দামের ওপর ১১ শতাংশ হারে টাকা কসাইকে দিয়েছেন। এবার তারা আরো বেশি চাওয়ায় ‘অতিথি কসাই’ ঠিক করেন তিনি।
‘অতিথি কসাই’দের নিয়ে পেশায় কসাইদের বেশ অভিযোগ রয়েছে। কেরানীগঞ্জের বরিসুর বাজারের কসাই আইয়ুব বলেন, “এক ব্যবসায়ীর সঙ্গে কথা পাকাপাকি হয়েছিল। কিন্তু গতকাল এসে ওই ব্যবসায়ী জানান, তার গরু বানাতে হবে না। খোঁজ নিয়ে জানতে পারি, সিজনাল কসাই ম্যানেজ করেছেন তিনি।”
কেরানীগঞ্জের দুই ‘অতিথি কসাই’ যমজ ভাই চিনা ও ভুট্টা। চিনা পুরান ঢাকার মৌলভীবাজারে মনোহারি দোকানে কাজ করেন, ভুট্টা কাজ করেন শহীদনগরে একটি জুতার দোকানে।
ভুট্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দিনে (ঈদের দিন ও পরদিন) প্রায় ১৫টি গরু বানাতে পারি। এতে বেশ আয় হয়।”
গত ১১ বছর ধরে কোরবানির ঈদে গরু কাটার কাজ করছেন চীনা ও ভুট্টা। ভুট্টা বলেন, “প্রথম প্রথম অনেক চামড়া নষ্ট করেছি, কিন্তু এখন আর হয় না।”
‘অতিথি কসাই’র যেখানে বাড়তি আয় নিয়ে খুশি পেশায় কসাইদের দুশ্চিন্তা সেখানে কাজের চাপ নিয়ে।
লালবাগের কসাই আলী, বকর ও শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রতিজনের দিনে আট থেকে ১০টি গরু জবাই করে কেটে দেয়ার সামর্থ্য থাকলেও কাজ নিয়েছেন বেশি।
“গুণে দেখেছি, ১৫ জনকে কথা দিয়েছি গরু বানিয়ে দেব বলে। অতিরিক্ত একটি দল বানিয়ে বাকি কাজ করতে হবে আর কি,” বলেন বকর।
চামড়া ব্যবসায়ীরা অবশ্য পেশাদার কসাই দিয়ে কাজ করানোর পক্ষপাতি।
বাংলাদেশ হাইডস অ্যান্ড স্কিনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অদক্ষ কসাইয়ের জন্য প্রতি বছর কিছু চামড়া নষ্ট হয়। তবে আগের তুলনায় বর্তমানে কম হচ্ছে।
এ বছর প্রায় ৫০ লাখ গরু এবং ২০ লাখ ছাগলের চামড়া পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, গত বছর প্রায় ৪২ লাখ গরু ও ১৭ লাখ ছাগলের চামড়া পাওয়া গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24