ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্যাগের আহ্বান নিয়ে সারা দেশে উদযাপিত হল ঈদুল আজহা।
মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবারও দেশের শতাধিক গ্রামের মানুষ ঈদ উদযাপন করে।
প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেন। বাংলাশের সমৃদ্ধি ও বিশ্বে শান্তি কামনা করা হয় মোনাজাতে।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হয়।
বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায়।
ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয় পশু কোরবানি। এবার রাজধানীতে গরু সরবরাহ ভাল থাকায় দুদিন আগেই দাম পড়ে যায়। কাক্সিক্ষত লাভ না পেয়ে অসন্তুষ্ট মনে বাড়ি ফিরতে হয়েছে গরু ব্যবসায়ীদের অনেককেই।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তারা মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধিও কামনা করেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “আনুগত্য, ত্যাগ ও তাওহীদের চেতনায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর অভিপ্রায় বাস্তবায়নে হযরত ইব্রাহীম (আ.) যে গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগ ও সীমাহীন ভক্তি প্রদর্শন করেছেন তা-অতুলনীয়।”
তিনি ঈদুল আজহার শিক্ষা ও আদর্শ প্রাত্যহিক জীবনে অনুসরণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত করে তোলার আহ্বান জানান।
শেখ হাসিনা তার বাণীতে বলেন, “প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।”
তিনি ঈদুল আজহার মর্মবাণী ‘অন্তরে ধারণ করে’ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়া তার বাণীতে বলেন, “স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানীর প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।”
কোরবানির এই শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।
ঈদ উপলক্ষে শনিবার সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ইতোমধ্যে সাজানো হয় মনোরম সাজে। রাতে ছিল বিভিন্ন ভবনে আলোকসজ্জা।
ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশু পার্কে ঈদে বিনা টিকিটে ঢোকার সুযোগ ছিল সুবিধাবঞ্চিত শিশুদের। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিনা টিকিটে ঢাকা জাদুঘর দেখানো হয়।
ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/এএল/এমআই/১৯৫০ ঘ.
bdnews24