২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলো খুশির ঈদ

ত্যাগের আহ্বান নিয়ে শনিবার সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্যাগের আহ্বান নিয়ে শনিবার সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবারও দেশের শতাধিক গ্রামের মানুষ করেছে ঈদ উদযাপন। প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে। বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায় হবে। ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হবে পশু কোরবানি। এবার রাজধানীতে গরু সরবরাহ ভাল থাকায় দুদিন আগেই দাম পড়ে যায়। কাক্সিক্ষত লাভ না পেয়ে অসন্তুষ্ট মনে বাড়ি ফিরতে হয়েছে গরু ব্যবসায়ীদের অনেককেই। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধিও কামনা করেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “আনুগত্য, ত্যাগ ও তাওহীদের চেতনায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর অভিপ্রায় বাস্তবায়নে হযরত ইব্রাহীম (আ.) যে গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগ ও সীমাহীন ভক্তি প্রদর্শন করেছেন তা-অতুলনীয়।” তিনি ঈদুল আজহার শিক্ষা ও আদর্শ প্রাত্যহিক জীবনে অনুসরণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত করে তোলার আহ্বান জানান। শেখ হাসিনা তার বাণীতে বলেন, “প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।” তিনি ঈদুল আজহার মর্মবাণী ‘অন্তরে ধারণ করে’ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। খালেদা জিয়া তার বাণীতে বলেন, “স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানীর প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।” কোরবানির এই শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর বেলা ১১টা থেকে শুভেচ্ছা বিনিময় করবেন সর্বস্তরের নাগরিরকদের সঙ্গে। প্রধানমন্ত্রী ঈদের সকালে সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া বিচারপতি এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সকাল ১১টায় ঈদের শুছেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এবারো ঈদের দিন ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার বেলা পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি কূটনীতিকদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবদুল জলিল। তিনি বলেন, “রাজধানী থেকে কোনোভাবেই যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারে পুলিশের সজাগ দৃষ্টি থাকবে।” ঈদ উপলক্ষে শনিবার সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ইতোমধ্যে সাজানো হয়েছে মনোরম সাজে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশু পার্কে ঈদে বিনা টিকিটে প্রবেশ করতে পারবে সুবিধাবঞ্চিত শিশুরা। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিনা টিকিটে ঢাকা জাদুঘর দেখার ব্যবস্থা করা হয়েছে। ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/এএল/২২০৬ ঘ.