২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তম ঈদ জামাতের জন্য তৈরি শোলাকিয়া

প্রতি ঈদের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 03:08 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ঈদের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাহ কমিটি। শনিবার সকাল ৯টায় এ মাঠে ঈদ-উল-আজহার জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ইতোমধ্যে জামাতের কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার করা, ধোয়ামোছা ও রঙয়ের কাজসহ সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। এছাড়া জামাতে দূর-দূরান্ত থেকে মুসুল্লীদের অংশগ্রহণের সুবিধার্থে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভোর সাড়ে ৫টায় ময়মনসিংহ জংশন থেকে এবং অপর ট্রেনটি সকাল ৬টায় ভৈরব জংশন থেকে শোলাকিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের রেল স্টেশন মাস্টার জয়ন্ত সরকার। শোলাকিয়া মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবার ১৮৫তম ঈদ জামাত হবে এই মাঠে। “শোলাকিয়া ময়দানের সাত একর জমির পুরোটাই জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে”, বলেন সিদ্দিকুর। মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন। স্থানীয় গবেষকদের ভাষ্য অনুযায়ী, ১৮২৮ সালে অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসুল্লি¬ অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়েই এসেছে আজকের ‘শোলাকিয়া’। বিশাল এই মাঠে কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসল্লি নামাজে অংশ নিতে পারেন। তবে মাঠের বাইরে আশে পাশের এলাকা জুড়ে জামাতে অংশ নেওয়া মুসুল্লি¬র মিলিয়ে এই সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০৮৪৯ ঘ.