পটুয়াখালী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুইপ ফিরোজকে নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে আমার দেশ পত্রিকার প্রতিনিধি জলিলুর রহমানকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে এ ধরনের আর কোনো খবর প্রকাশিত হলে তার হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক জলিলুর।
বৃহম্পতিবার রাত পৌনে ৮টায় বাউফল থানার পাশে প্রফেসার্স কম্পিউটার কেন্দ্রে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন-অর-রশিদের নেতৃত্বে লোকজন এ ঘটনা ঘটায়।
পটুয়াখালীর বাউফল এলাকার সংসদ সদস্য ও হুইপ আ স ম ফিরোজ মঙ্গলবার রাতে পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের ‘মোনাফেক’ আখ্যা দিয়ে বলেন, “চারদলীয় জোট সরকারের সময় যে সব সাংবাদিকদের নিগৃহীত, অপমানিত ও অপদস্ত হয়েছিল, তাদেরকে ¯েœহ ও ভালোবাসা দিয়েছি আমি। অথচ তারা আমার সঙ্গে বেঈমানি করেছে।”
হুইপের এই মন্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার এ নিয়ে আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
সাংবাদিক জলিলুর জানান, রাতে তিনি প্রফেসার্স কম্পিউটারে বসে ছিলেন। এ সময় হারুনের নেতৃত্বে ৪/৫ জন ওই প্রতিষ্ঠানে এসে সংবাদ প্রকাশের কারণ জানতে চেয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন তিনি।
তবে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিক লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি। শুধু কথা কাটাকাটি হয়েছে।
বাউফল থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাকে থানায় অভিযোগ দিতে বলেছেন।
এ ঘটনায় বাউফলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৯ ঘ.
bdnews24