২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিলেন ‘দুর্গতিনাশিনী’

চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বুধবার বিসর্জনের মধ্যদিয়ে দেবী ফিরে গেলেন কৈলাশে স্বামীর ঘরে, পিতৃগৃহ এই ধরণীতে তিনি আবার আসবেন এক বছর পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নাসিরুল ইসলাম ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বুধবার বিসর্জনের মধ্যদিয়ে দেবী ফিরে গেলেন কৈলাশে স্বামীর ঘরে, পিতৃগৃহ এই ধরণীতে তিনি আবার আসবেন এক বছর পর। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বুধবারই ছিল শেষ দিন। এদিন সারাদেশের মতো রাজধানীতেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসব। হিন্দু পঞ্জিকামতে, এবার দুর্গা এসেছেন গজে (হাতি) চড়ে, গেছেন দোলায় (নৌকায়)। দোলায় যাওয়ার অর্থ হল- অশুভ শক্তি ধ্বংস হয়ে এবার ফসল উৎপাদন ভালো হবে, জল বাড়বে। রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে। এর আগে শোভাযাত্রা নিয়ে সব প্রতিমা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হয় ভক্তরা। ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির প্রধান পুরোহিত রনজিৎ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “মূলত দর্পন বিসর্জনের মাধ্যমে দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয় সকাল ৯টা ৫৭ মিনিটে। মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হৃদয়ে মাকে নিয়ে আসাকে বিসর্জন বলে। মা, প্রতিটি ভক্তের অন্তরে থেকেই তাকে রক্ষা করেন, আশ্রয় দেন।” প্রতিমা বিসর্জনের পালা শুরু হয় বিকাল থেকেই। ঢাকেশ্বরী মন্দির থেকে বিকালে বিজয়ার কেন্দ্রীয় শোভাযাত্রা বের হয় বুড়িগঙ্গা পানে। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাক-ঢোলের সনাতনি বাদ্যের সঙ্গে আধুনিক উচ্চস্বরের সাউন্ড সিস্টেমে দেবী বন্দনার গানের মধ্যদিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের এ শোভাযাত্রার সময় রাজধানীতে সৃষ্টি হয় বেশ যানজটের। সন্ধ্যার আগেই সকল প্রতিমা পৌঁছে যায় সদরঘাটে, কিছু প্রতিমা যায় মোহাম্মদপুরের বছিলায়। সেখানে শেষবারের মতো ধুপধুনো নিয়ে আরতিতে মেতে উঠে ভক্তকূল। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয়া হয়। বিসর্জনের এ পর্ব চলবে অবশ্য রাত পর্যন্ত। দেবীর বিসর্জন উপলক্ষে সদরঘাট ও বছিলা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিএস/এমআই/২০৩৫ ঘ.