২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে ভোগান্তি আগের মতোই

ঈদের আগে গাড়ির চাপের সঙ্গে কোরবানির পশুরহাটের কারণে উত্তর ও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে কাটাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের যানজটেই দীর্ঘ সময় পথে কাটাতে হচ্ছে। ঈদে এমনিতেই মহাসড়কগুলোতে থাকে যানবাহনের বাড়তি চাপ, তার সঙ্গে যোগ হয়েছে সড়কের পাশে পশুর হাট। এই দুই মিলে যানজটের জটলায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হচ্ছে যাত্রীদের। ঢাকা থেকে চট্টগ্রাম, টাঙ্গাইল, মাওয়া প্রতিটি মহাসড়কেই বুধবার প্রায় একই চিত্রের দেখা মেলে। আগের দিন মঙ্গলবাও যানজটের ভোগান্তি ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের ভোগান্তির শুরু যাত্রাস্থল যাত্রাবাড়ী এলাকা থেকেই। উড়ালসড়কের নির্মাণ কাজ আর রাস্তার ধারে পশুর হাটের কারণে এক কিলোমিটার পথ অতিক্রমেই লেগে যাচ্ছে ঘণ্টারও বেশি সময়। একটু সামনে এগোলে কাঁচপুর সেতু এলাকায় চেনা যানজট রয়েছেই। অতিরিক্ত চাপের কারণে বুধবার মেঘনা সেতু থেকে কুমিল্লার গৌরীপুর এলাকা পর্যন্ত দীর্ঘ পথে কচ্ছপ গতিতেই চলতে দেখা গেছে যানবাহন। কুমিল্লাগামী এশিয়া লাইনের যাত্রী কামরুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টায় তিনি রওনা দিয়েছেন। তবে যানজটের কারণে কখন ফিরবেন তা নিয়ে শঙ্কিত। কারণ জানতে চাইলে তিনি বলেন, “বিভিন্ন স্থানেই রাস্তার ধারে পশুর হাট বসেছে। তাছাড়া বাড়তি সুযোগ নিতে অন্য রুটের গাড়িও এই মহাসড়কে চলাচল করছে। এতে যানবাহনের চাপ বেড়ে গেছে।” চৌয়ারা বাজার এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, মূলত গরুর হাটের কারণেই মহাসড়কের ওই এলাকা দিয়ে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। এদিকে মাওয়ায় ঘাট স্বল্পতার কারণে দক্ষিণের ১৭ জেলার যানবাহনে এর প্রভাব পড়েছে। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরও। চার থেকে পাঁচ ঘণ্টার আগে এ থেকে মুক্তির যেন কোনো পথই নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, পদ্মার ভাঙনে মাওয়ায় পুরনো তিনটি মূল ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় নতুন দুটি ঘাট দিয়ে চলছে গাড়ি পারাপার। নতুন চালু করা ঋষিবাড়ি ঘাটের সংযোগ সড়ক অপ্রশস্ত হওয়ায় একটি ঘাট দিয়ে সব ধরনের এবং অপরটি দিয়ে কেবল হালকা যান পারাপার করা হচ্ছে। ফলে মাওয়া ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘাট সঙ্কটের কারণে মাওয়া ও কাওড়াকান্দি দু’পাড়েই পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় ৬শ’ যান। পারাপারের অপেক্ষায় থাকা বাস ও ট্রাকের সংখ্যা ক্রমশ বাড়ছে। এতে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিক বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত এলাকায় বুধবার তীব্র যানজটে নাকাল হতে হয়েছে যাত্রীদের। মাওয়া ফেরিঘাট দিয়ে ট্রাক চলাচল বন্ধ থাকায় ওই ট্রাকগুলোও এই সড়কে চলাচল করায় যানজট বেড়েই চলেছে। ঈদকে সামনে রেখে অতিরিক্ত গাড়ি চলাচল ও গরুবাহী ট্রাক পুরো সড়ক জুড়ে থাকায় সবকিছুই এত ধীরগতিতে চলছে যে তিন ঘন্টার পথ যেতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা। টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকার রকিবুল হাসান বুধবার ভোর ৬টায় ঢাকা থেকে বাসে উঠে বেলা ১টায় টাঙ্গাইল এসে পৌঁছেছেন। তিনি জানান, মাঝে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি কেন থেমে থাকে তাও বোঝার উপায় নেই। পরে জানা যায় ওভারটেক করার কারণে সড়ক যোগাযোগ পুরো বন্ধ ছিল। দূরপাল্লার গাড়িগুলো দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছার প্রতিযোগিতা করায় ভোগান্তি আরো বাড়ছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু টাঙ্গাইল নয়, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বাস ও গলুবাহী ট্রাকের চাপ এই মহাসড়কে থাকায় কোন যানবাহনই প্রয়োজনীয় গতিতে চলতে পারছে না। তাই যানজট লেগেই আছে। মহাসড়ক পুলিশের গোড়াই থানার দায়িত্বরত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, গাড়ির চাপ বেড়ে যাওয়া ধীর গতিতে চলতে হচ্ছে। এ ছাড়া মাঝে মাঝে গরুবাহী ট্রাকের চাকা ফেসে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। র‌্যাকার ওই গাড়ির কাছে পৌঁছাতেই অনেক সময় লেগে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮২২ ঘ.