ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে ২৯ অক্টোবর দিন রেখেছে আদালত।
মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এই তারিখ নির্ধারণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, মামলাটির বিচার এই ট্রাইব্যুনালে করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন সোমবার তার হাতে এসে পৌঁছেছে।
দণ্ডবিধির ৩৯৬ ধারায় দাখিল করা এই মামলায় গত ২০ সেপ্টেম্বর অভিযোগ পত্র দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক।
অভিযোগপত্র ভুক্ত পাঁচ আসামি হলেন- সাইফুল ইসলাম মামুন, আল আমিন, আকবর আলী, মো. রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী।
এর মধ্যে সেলিম চৌধুরী পলাতক রয়েছেন।
অভিযোগপত্রে ৩১ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে।
গত ৫ মার্চ গুলশানে নিজ বাসার কাছে খুন হন সৌদি নাগরিক খালাফ আল আলী। গুলশানের কূটনৈতিক এলাকায় রাস্তার পাশে তাঁর বুলেটবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
গত ২৫ জুলাই খালাফ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়।
আসামি আল আমিন বিচারকের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, সাইফুলসহ বাকি চার অভিযুক্ত খালাফকে ঘিরে ধরে এবং তার কাছে ডলার চায়। ডলার না দেয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যায়।
তদন্ত কর্মকর্তা এ কথাগুলো অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/১৭২১ ঘ.
bdnews24