২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে হরতাল প্রত্যাহার

দুর্গাপূজা ও ঈদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিহত আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদের সমর্থকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সরাইলে ডাকা বুধবার আধাবেলার হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে আন্দোলনের নেতা শের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গা পূজা ও ঈদের কথা বিবেচনা করে বুধবারের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে। হরতাল প্রত্যাহারের খবর জানিয়ে শহরে মাইকিং হচ্ছে বলেও জানান ইকবাল আজাদের সমর্থক এই ব্যক্তি। গত ২১ অক্টোবর রাতে খুন হন সরাইল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল। তার সমর্থকরা এই খুনের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন নেতাকে দায়ী করে আসছে। সরাইলে মঙ্গলবারও দুটি বাড়িতে আগুন দেয়া হয়েছে, যার মালিক ইকবাল হত্যামামলার অন্যতম আসামি। মঙ্গলবার বিকালে সরাইলের কুট্টাপাড়া মাঠে ইকবালের জানাজা হয়। জানাজায় ছোট ভাই জাহাঙ্গীর আজাদ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের অংশে হরতালের ডাক দিয়েছিলেন। তাতে সমর্থনও জানিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। জানাজা শেষে বিকাল ৫টার দিকে ইকবাল সমর্থকরা তাৎক্ষণিকভাবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ সুপার জামিল আহমদের হস্তক্ষেপে তারা সড়ক ছাড়লে সাড়ে ৫টা থেকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। গত রোববার ইকবাল হত্যাকাণ্ডের পর থেকে সরাইল উপজেলা সদরে অঘোষিত হরতাল চলছে। ব্যবসায়ী নেতা ইকবাল হত্যার প্রতিবাদে সকালে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সরাইল বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দিন বলেন, “হত্যাকারীদের বিচারের দাবিতে আজ (মঙ্গলবার) সরাইল বাজারের সব দোকানপাট বন্ধ থাকবে।” বিকালে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের সব দোকান-পাট বন্ধ রয়েছে। শহরে কোনো যানবাহনও চলছে না। রাস্তায় চলাচলরত মানুষের মুখেও আতঙ্কের ছাপ। বেলা ১১টার দিকে ইকবাল সমর্থকরা সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াহাটি গ্রামের ইদ্রিস আলী ও তার ভাই ইসমত আলীর ঘর পুড়িয়ে দেয়। পুলিশ ও বিজিবি সদস্যদের সামনেই এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। মামলার কয়েক আসামির ১১টি ঘর ও দুটি মুরগির খামার সোমবারও পুড়িয়ে দেয়া হয়েছিল। সরাইলের এই পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার জামিল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সঠিক তদন্তের আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সব ব্যবস্থাই নিয়েছে। ইকবালের ভাই জাহাঙ্গীর আজাদ বাদি হয়ে সোমবার বিকালে থানায় মামলা করেছেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলীসহ ২২ জনকে আসামি করা হয়েছে। মাহফুজ আলীর শ্বশুর ইসমত আলী, ইসমতের ছেলে মোকাররম আলী ও বাবু মিয়া এবং ইসমতের ভাই ইদ্রিস আলীও মামলার আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২২৫৫ ঘ.