২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিলেন টেলিযোগাযোগ সচিব ও বিটিআরসি চেয়ারম্যান

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির নতুন চেয়ারম্যান মঙ্গলবার সকালে নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির নতুন চেয়ারম্যান মঙ্গলবার সকালে নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেফায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো. আবু বকর সিদ্দিক মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব নেন এবং সাবেক সচিব সুনীল কান্তি বোস তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিটিআরসির চেয়ারম্যান পদে যোগ দেন। মো. আবু বকর সিদ্দিক এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৪ সেপ্টেম্বর তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বিটিআরসির চেয়ারম্যান হিসাবে সুনীল কান্তি বোসকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ গত ১০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। সুনীল কান্তি বোস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর সরকারি চাকরিতে যোগ দেন ১৯৭৯ সালে। তিনি বিআরটিএর চেয়ারম্যান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও ব্যান্সডকের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪৩৯ ঘ.