খুলনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খানজাহান আলীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে খানজাহান আলী থানাধীন যোগিপোল এলাকায় খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইলের নীচে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন সেনা সদস্য মুরাদের স্ত্রী লাবনী (২৮), তার মেয়ে টিকলি (৪) ও দুই মাস বয়সী মুন।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক জানান, বাড়ির পাশে ট্রেন লাইনের কাছে খেলা করতে করতে টিকলি লাইনের ওপর উঠে পড়ে। এসময় চলন্ত ট্রেন আসতে দেখে তাকে বাঁচাতে দুই মাসের শিশু মুনকে কোলে নিয়ে লাবনী ঘটনাস্থলে এলে তিনজনই ট্রেনের নীচে কাটা পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল আলম জানান, লাশের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/আরএ/১৩০২ ঘ.
bdnews24