ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, এশিয়ার কয়েকটি দেশে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। এক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে।
নরসিংদীর ডাঙ্গায় বেসরকারি খাতের নির্মিতব্য একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ও শিল্প এলাকা পরিদর্শনকালে রোববার তিনি একথা বলেন।
শীতলক্ষ্যা নদীর তীরে একে খান অ্যান্ড কোম্পানি বেসরকারি খাতে দেশের প্রথম এ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ও শিল্প এলাকা স্থাপন করছে। এতে জাপান সরকার অর্থায়ন করবে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাপানি রাষ্ট্রদূত এই শিল্পাঞ্চল প্রতিষ্ঠাকে স্বাগত জানান এবং জাইকা ও জেটরোকেও এ প্রকল্পে অর্থায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
একে খান অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান একে সামসুদ্দিন খান উন্নত প্রযুক্তিসহ যৌথ বিনিয়োগে জাপানি উদ্যোক্তাদের আহবান জানান।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান বলেন, এক হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ২০০ একর জমির ওপর এ টার্মিনাল নির্মিত হবে। এতে ১৭ হাজার ২৪০ টিইইউএস কন্টেইনার সংরক্ষণ করা যাবে। এ টার্মিনাল ও শিল্প এলাকায় ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশনের কাউন্সিলর মুসায়ূকি তাগা, জাইকার সিনিয়র প্রতিনিধি হিরোয়ুকি টোমিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়লা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০১৬ ঘ.
bdnews24