২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: গ্রেপ্তার ১০ জন রিমান্ডে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার বিকালে ওই ১০ জনকে হাজির করে হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম ইসমাইল হোসেন এই আদেশ দেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গোয়েন্দা পুলিশ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক মফিজুর রহমানসহ ১০ জনকে গত কয়েকদিনে গ্রেপ্তার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গ্রেপ্তার অভিযানে পুলিশকে সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালিয়াত চক্রের সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তিচ্ছুদের সঙ্গে চুক্তি করেন। “তারা চুক্তিকারী পরীক্ষার্থীদের একটি বিশেষ ধরনের ঘড়ি (ন্যানো আইপড) দেন। ১২ থেকে ১৪ হাজার টাকা মূল্যের ওই ঘড়ি নিয়েই ভর্তিচ্ছুরা হলে পরীক্ষা দিতে ঢুকে। এই ঘড়িতে ক্ষুদে বার্তায় প্রশ্ন ও উত্তর আদান-প্রদান হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১১৭ ঘ.