ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকন্ডিশনড গাড়ি আমাদানিকারকদের সংগঠন বারভিডার কমিটি বাতিল এবং সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় যে আদেশ দিয়েছে তা তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
গত ১৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেইকেলস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) কমিটি বিলুপ্ত করে সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. মোকাব্বার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে আদালত।
বাণিজ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক, নিয়োগকৃত প্রশাসক মো. মোকাব্বার হোসেনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাশাপাশি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে বারভিডার নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। নির্বাচন শেষ করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন কমিটির কাছে ক্ষমতা হন্তান্তর করতে হবে ওই বোর্ডকে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন শেখ মো. মোরশেদ এবং সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
শেখ মো. মোরশেদ বলেন, বাতিল হওয়া ২৫ সদস্যের ওই কমিটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১০ সালের ২৭ ডিসেম্বর। দুই বছরের জন্য নির্বাচিত ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা বাতিল করে দেয় মন্ত্রণালয়।
“আদালতের এ নিষেধাজ্ঞার ফলে নতুন নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত সর্বশেষ নির্বাচিত কমিটির সদস্যরাই এ সংগঠনের নেতৃত্ব দেবেন।”
ওই কমিটির সভাপতি আব্দুল মান্নান গত ২০ অক্টোবর এই রিট আবেদন দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৬৩৬ ঘ.
bdnews24