২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসক নিয়োগে কোম্পানি আইন সংশোধন হচ্ছে

মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের অনিয়মের প্রেক্ষাপটে যে কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগের সুযোগ রেখে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের অনিয়মের প্রেক্ষাপটে যে কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগের সুযোগ রেখে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৯৯৪ সালের এই আইন সংশোধন করে ‘কোম্পানি আইন (সংশোধন) ২০১২ অধ্যাদেশ’ আকারে জারির প্রস্তাব অনুমোদন পায়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার পক্ষ থেকে এ খসড়ার বিষয়ে কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে মন্ত্রিসভার আগামী বৈঠকেই এটি আবার উপস্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেলে এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। এরপর যত দ্রুত সম্ভব ডেসটিনি গ্র“পের প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ করা হবে। সচিব বলেন, অবৈধ ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন, আর্থিক অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে কোনো কোম্পানি গঠিত বা পরিচালিত হলে সেসব প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে এই প্রস্তাবে। তবে প্রশাসক নিয়োগের আগে সংশ্লিষ্ট পরিচালকসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। প্রস্তাবে প্রশাসকের যোগ্যতা ও মেয়াদ সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। সরকারের জারি করা গেজেট অনুযায়ী এ বিষয়গুলো নির্ধারিত হবে বলে সচিব জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানের সদস্যদের স্বার্থ রক্ষায় এ সংশোধনী আনা হচ্ছে। এমএলএম কোম্পানি ডেসটিনির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠার পর এ প্রতিষ্ঠানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। মুদ্রা পাচার আইনে মামলা হওয়ার পর ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে কারাগারে পাঠায় আদালত। অবশ্য হারুন পরে হাই কোর্ট থেকে জামিন পান। এই পরিস্থিতিতে ডেসটিনিতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসাবে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব তোলা হয় মন্ত্রিপরিষদে। সচিব জানান, সোমবারের বৈঠকে গ্রাম আদালত সংশোধন আইনের খসড়া এবং জনশক্তি পাঠানোর জন্য মালয়েশিয়ার সঙ্গে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে তার খসড়াও অনুমোদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫১৫ ঘ.