২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় পার হচ্ছে শুধু হালকা বাহন, যানজট

মাওয়ার ৩ নম্বর ফেরিঘাট পরিত্যক্ত ঘোষণার পর এর পন্টুনটি নতুন স্থাপিত টার্মিনাল ঘাটে বসানোর কাজ শুরু হয়েছে। চালু থাকা একমাত্র ঋষিবাড়ি ঘাট দিয়ে কেবল হালকা বাহন পারাপার করায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়ার ৩ নম্বর ফেরিঘাট পরিত্যক্ত ঘোষণার পর এর পন্টুনটি নতুন স্থাপিত টার্মিনাল ঘাটে বসানোর কাজ শুরু হয়েছে। চালু থাকা একমাত্র ঋষিবাড়ি ঘাট দিয়ে কেবল হালকা বাহন পারাপার করায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, পন্টুন বসানোর জন্য সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনাল ঘাট দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। চৌরাস্তামুখী নতুন এই ঘাটে পন্টুন বসাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলেও জানান তারা। বিআইডব্লিউটিএর সহাকারী পরিচালক এসএম আজগর আলী জানান, ঋষিবাড়ি ফেরিঘাটের সংযোগ সড়ক খুবই অপ্রশস্ত হওয়ায় এ ঘাট দিয়ে শুধু হালকা যান পারাপার করা হচ্ছে। প্রাইভেট কার, মাইক্রোবাস ও জিপ ছাড়া অন্য কোনো ভারি যানবাহন আপাতত চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে করে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। পারাপারের অপেক্ষায় থাকা বাস ও ট্রাকের সংখ্যা ক্রমশ বাড়ছে। আজগর আলী জানান, পন্টুন বসানো হয়ে গেলে টার্মিনাল ফেরিঘাট ও ঋষিবাড়ি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করা হবে। এছাড়া ভাগ্যকূলমুখী কান্দিপাড়া ঘাটের সংযোগ সড়ক স্থাপনের কাজও শুরুর প্রক্রিয়া চলছে। তবে ঈদের আগে এই ঘাট চালুর সম্ভবনা কম হওয়ায় এবারো ঈদে ঘরমুখো মানুষকে বিড়ম্বনায় পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। গত ৯ ও ১৪ অক্টোবর মাওয়ার পরপর দুটি ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেলে কেবল তিন নম্বর ফেরিঘাট দিয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যানবাহন পারাপার করা হয় গত এক সপ্তাহে। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়, চাপ পড়ে দৌলতদিয়া ঘাটে। এই পরিস্থিতিতে নৌমন্ত্রী শাজাহান খানের ঘোষণা অনুযায়ী মাওয়ার চৌরাস্তামুখী সড়কের কাছে, ঋষিবাড়ীর কাছে এবং ভাগ্যকূল সড়কমুখী কান্দিপাড়ায় নতুন তিনটি ফেরিঘাট নির্মাণের কথা জানায় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৪৩০ ঘ.