আদালত অবমাননায় রাজউক চেয়ারম্যানকে তলব
আদালত অবমাননার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ তিন জনকে তলব করেছে হাই কোর্ট।
আদালত অবমাননার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ তিন জনকে তলব করেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
অপর দুই জন হলেন- রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান ও থিম ইঞ্জিনিয়ার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক কে এম মোস্তাফিজুর রহমান। আগামী ৮ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুলও জারি করা হয়। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে রাজউকের নকশা বর্হিভূতভাবে থিম ইঞ্জিনিয়ার্স লিমিডেটের একটি ভবন নির্মাণের বিরুদ্ধে শেখ মনির আহমেদ চলতি বছরের জুনে হাই কোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করে। ওই আদেশে আদালত একইসঙ্গে নকশাবহির্ভূত ভবন নির্মাণের কাজে নিষেধাজ্ঞা দেয়।
এরপরও নির্মাণকাজ কাজ চালিয়ে যাওয়ায় আদালত অবমাননার অভিযোগে সেই এলাকার বাসিন্দা শেখ মনির আহমেদ মঙ্গলবার আবেদনটি করেন। বুধবার আবেদনের ওপর শুনানি হয়। আবেদনকারীকে আইনি সহায়তা দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
আদালতে বেলার আইনজীবী ইকবাল কবির আবেদনকারীর পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
