২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে ওয়ালমার্ট সিইও

বাংলাদেশে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে পড়েছেন খ্যাতনামা মার্কিন কোম্পানি ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডিউক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বাংলাদেশে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে পড়েছেন খ্যাতনামা মার্কিন কোম্পানি ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডিউক।

নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সন্ধ্যায় ম্যানহাটনের হান্টার কলেজের কাছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রমিক ও নাগরিক অধিকারের সদস্য ও সমর্থকরা মাইক ডিউকের যোগ দেয়া একটি সভাস্থলের সামনে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীরা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার দায় ওয়ালমার্টকে নেয়ার দাবি জানান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘সেইফটি অ্যাক্ট’- এ স্বাক্ষরের জন্য ওয়ালমার্টের কাছে দাবি জানান তারা।

কাউন্সিল অব ফরেন রিলেশন্স হ্যারল্ড প্র্যাট হাউজ মিলনায়তনে ‘বিশ্বের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন’ সম্পর্কিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছিলেন ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডিউক।

এটি জেনেই বিক্ষোভকারীরা সেখানে জড়ো হন। তাদের হাতে ছিল শ্রমিকদের সাথে ওয়ালমার্টের ‘চরম উদাসীনতার’ প্রতিবাদ ও শ্লোগান সম্বলিত পোস্টার-ফেস্টুন। এ সময় তাদের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনের করুণ আর্তির ছবি সম্বলিত ফেস্টুনও বহন করতেও দেখা যায়।

বিক্ষোভের কারণে মূল ফটক দিয়ে না ঢুকে ভিন্নপথে মিলনায়তনে ঢোকেন মাইক ডিউক
বিক্ষোভের মূল আয়োজক ছিল ‘অকুপাই ওয়ালস্ট্রিট’ আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, তৈরি পোশাক কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কর্মস্থলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ প্রদানে অস্বীকার করেছে ওয়ালমার্ট। আইএলওর একটি সনদেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়ালমার্ট।

গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন শ্রমিকের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

তখন ওয়ালমার্ট এক বিবৃতিতে জানায়, তাজরীনে অগ্নিকাণ্ড ও তাদের সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে তারা ‘বিব্রত’। ‘একটি সরবরাহকারী প্রতিষ্ঠান’ ওয়ালমার্টের অনুমোদন ছাড়াই তাজরীন ফ্যাশনসকে পোশাক তৈরির কাজ দেয় (সাবকনট্রাক্ট) বলে দাবি করা হয় ওই বিবৃতিতে।

কিন্তু গত ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পোশাক তৈরি কারখানাগুলোর বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তা বাড়ানোর একটি উদ্যোগে বিরোধিতা করেছিল ওয়ালমার্ট। অথচ বিশ্বের সবচেয়ে বড় এই রিটেইলার কোম্পানিরই পোশাক তৈরির কাজ চলছিল আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে।