২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী নিয়ে প্রায় শত কোটি টাকা লাভ বিমানের

চলতি হজ মৌসুমে হজযাত্রী পরিবহন করে প্রায় একশ কোটি টাকা লাভ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 11:54 AM

Updated : 25 Apr 2022, 10:00 PM

চলতি হজ মৌসুমে হজযাত্রী পরিবহন করে প্রায় একশ কোটি টাকা লাভ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার দুপুরে কুর্মিটোলার বিমান সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

তিনি বলেন, এ বছর হজযাত্রী পরিবহন করে মোট রাজস্ব আয় হয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা।

১৯৭৩ সাল থেকে হজযাত্রী পরিবহন করে এলেও এবছরই প্রথম লাভের মুখ দেখল বিমান।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান মন্ত্রী।

এবছর হজ যাত্রী পরিবহনের জন্য বিমানের নিজস্ব দুটি বোয়িং ৭৭৭, দুটি ডিসি-১০ এবং একটি ভাড়ায় আনা বোয়িং ৭৪৭ ব্যবহার করা হয়।

বিমানমন্ত্রী বলেন, “দুটি বোয়িং ৭৭৭ এ যাত্রী পরিবহন করায় লাভ হয়েছে, ভাড়ায় আনা বোয়িং ৭৪৭টি-তে লাভ না হলেও লোকসান হয়নি। তবে ডিসি ১০ দুটিতে লোকসান গুনতে হয়েছে।”

হজযাত্রী পরিবহনে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার প্রশংসা করে ফারুক খান বলেন, “হজযাত্রী পরিবহন করা খুবই কঠিন কাজ। বিমান এবছর হজ ফ্লাইটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করায় সফলতা এসেছে।”

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এই বছর মোট ১ লাখ ১০ হাজার ৫৫২ জন হজব্রত পালন করতে সৌদি আরব যান। এর মধ্যে বিমান বহন করে ৫৪ হাজার ১৭৯ জন। অন্য দুই সংস্থা সৌদি আরবের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বহন করে ৪২ হাজার ২০৬ জন এবং নাস এয়ার ১৪ হাজার ১৬৭ জন।

হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরে এসেছেন মোট ১ লাখ ৫ হাজার ১৩১ জন। হজব্রত পালন করতে গিয়ে মারা যান মোট ১৭৩ জন।

অবশিষ্ট যাত্রীরা আগামী ১২ ডিসেম্বর বিমানের শেষ হজ ফিরতি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।

বিমানের পক্ষে মন্ত্রীর সাফাই

নতুন উড়োজাহাজ ছাড়া বিমান লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিমানমন্ত্রী ফারুক খান।

এবছর কত টাকা লোকসান গুনতে হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, “বিমান আগামীতেও লোকসান করবে যদি আমরা তাদের নতুন উড়োজাহাজ না দিতে পারি। বর্তমানে বহরে থাকা ১০টি উড়োজাহাজের আটটিই ২০-৩০ বছরের পুরাতন। পুরাতন উড়োজাহাজ দিয়ে লাভের মুখ দেখা সম্ভব নয়।”

“অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পুরাতন উড়োজাহাজের তেল খরচ এবং রক্ষণাবেক্ষন খরচ অনেক বেশি,” যোগ করেন তিনি।

বিমানের ভাড়ায় আনা একটি উড়োজাহাজ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে চলে যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন সম্বন্ধে জানতে চাইলে তা এড়িয়ে যান মন্ত্রী।

পর্তুগালের বিমান সংস্থা এয়ার আটলান্টা থেকে ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১২ সেপ্টেম্বর মাস্কাট থেকে নিজ দেশে উড়াল দিলে হজের মৌসুমে বিমানের ফ্লাইটসূচিতে বিপর্যয় দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এ ঘটনার পরপরই বিমান সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৩০ কার্যদিবসের মধ্যে ওই কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী শুধু বলেন, “তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।”