২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় আগুন, নিহত ৯

নিহতদের মধ্যে সাত নারী শ্রমিক রয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। জানাচ্ছেন সেলিম আহমেদ।

সেলিম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 11:12 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুনে সাত নারীসহ অন্তত নয় শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তোবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে এ আগুন লাগে। অগ্নিনির্বাপণ বাহিনীর ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া শিল্প পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন রাতে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় নিহতদের মধ্যে ছয় জনের লাশ সাভারের নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। এরা সবাই নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওই কারখানার পাশের একটি বিদ্যালয়ের মাঠ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধারের কথা জানান আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল।

তিনি বলেন, কারখানার পাশের নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুজনের লাশ পাওয়া গেছে। এরা হলেন, আব্দুল কাদের (৩৮) ও জুলেখা (২২)।

এছাড়া এ ঘটনায় আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হলে চিকিৎসকরা মারুফ (২২) নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মধ্যে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।

তিনি বলেন, নয়তলা ভবনের ওই কারখানার বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়ে ওই নয় জনের মৃত্যু হয়েছে। তবে আহতদের মধ্যে কয়েক জন আগুনে পুড়েছে।

এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হরুণ অর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৪৫ জন শ্রমিক তাদের ক্লিনিকে ভর্তি রয়েছে।

এ বিষয়ে দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নঈম মো. শহীদুল্লাহ বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে আমরা ধারণা করছি। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, আশপাশে যথেষ্ট পরিমাণ পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।