বঙ্গবন্ধুর পলাতক খুনিদের সম্পত্তি জব্দ হবে
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে দেশে তাদের সম্পত্তি জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত টাস্কফোর্স।
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে দেশে তাদের সম্পত্তি জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত টাস্কফোর্স।
বঙ্গবন্ধু হত্যা মামলার পলতক আসামিদের দেশে ফিরিয়ে আনার লক্ষে গঠিত আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের এক বৈঠক শেষে বুধবার আইন মন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে না। বিচার এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।”
বিদেশে পালিয়ে থাকা ছয় আসামিকে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলোকে আরো তৎপর হতে নির্দেশ দেয়া হবে বলেও মন্ত্রী জানান।
তিনি বলেন, “যেসব দেশে খুনিরা পালিয়ে রয়েছে- ওই সব দেশ থেকে তাদের যেন ভিসা পাসপোর্ট দেয়া না হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সে বিষয়ে অনুরোধ জানানো হবে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এই হত্যা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের জানুয়ারি মাসে কার্যকর করা হয়। এরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন (ল্যান্সার)।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে এম রাশেদ চৌধুরী, এস এইচ এম বি নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে।
আর দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন।
