মুন্সীগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ঘাটটি সচল হওয়ায় মাওয়ায় এখন তিনটি ঘাট দিয়ে যানবাহনগুলো ফেরিতে উঠছে।
চালুর পরপরই পণ্টুনের ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চৌরাস্তামুখী নতুন ফেরিঘাটটি সাত ঘণ্টা পর রোববার রাতে আবার চালু করা হয়েছে। এর আগে সন্ধ্যায় উদ্বোধন হয়েছে নতুন ঋষিবাড়ী ফেরিঘাট, আর আগে থেকেই চালু ছিল পুরনো তিন নম্বর ফেরিঘাট।
এই তিনটি ঘাট যদি স্বাভাবিকভাবে চালু থাকে তবে ঈদ ও পূজোয় ঘরমুখো মানুষকে বিড়ম্বনায় পড়তে হবে না, বলেছেন বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক।
শনিবার সন্ধ্যায় চালু হওয়ার পর পন্টুনে ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চৌরাস্তামুখী নতুন ঘাটটি। ১৬ ঘণ্টা পর রোববার সকালে ওই ঘাটটি চালু হলেও পরে বন্ধ হয়ে যায়।
পন্টুন ছিদ্র হয়ে পানি ঢোকায় সকালে ইঞ্জিনচালিত নৌকায় করে ওয়েল্ডিং করছিলেন শ্রমিকরা। এ সময় একটি ফেরির ধাক্কায় নৌকাটি ডুবে যায়; তিন শ্রমিক আহত হন। তাদের ওয়েল্ডিংয়ের যন্ত্রপাতিও নদীতে তলিয়ে যায়।
নতুন করে যন্ত্রপাতি এনে মেরামত শেষে এ ঘাট দিয়ে আবারো যান চলাচল শুরু হয়।
সিরাজুল হক জানান, ফেরি রানীক্ষেত রাত সাড়ে ৮টায় নতু চৌরাস্তামুখী ফেরিঘাট থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় নতুন ঋষিবাড়ি ফেরিঘাট চালু হয়েছে। রাত সাড়ে ৭টায় ফরিদপুর ফেরিটি যানবাহন নিয়ে এখান থেকে কাওড়াকান্দি গেছে।
গত ৯ ও ১৪ অক্টোবর পরপর দুটি ফেরিঘাট পদ্মায় বিলীন হওয়ার পর মাওয়ার মাত্র একটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে গত এক সপ্তাহ ধরে। এই পরিস্থিতিতে নৌমন্ত্রী শাজাহান খানের ঘোষণা অনুযায়ী নতুন তিনটি ঘাট নির্মাণের কথা জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে একটি দিয়ে শনিবার সন্ধ্যায় মাওয়া-কাওড়াবান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়।
তবে নতুন ভাগ্যকূল সড়কমুখী কান্দিপাড়া ফেরিঘাটের কাজ এখনো শুরুই হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১১৪ ঘ.
bdnews24