২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির পরিচালক দিদার গ্রেপ্তার

ডেসটিনির অন্য কর্মকর্তাদের পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা দিদারুল আলমও অর্থ পাচারের দুই মামলার আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি-২০০০ এর পরিচালকের অন্যতম সাবেক সেনা কর্মকর্তা দিদারুল আলমকে মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার দুপুর আড়াইটার দিকে মহাখালী ডিওএইচএসে নিজের ব্যবসায়িক কার্যালয় থেকে দিদারকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ওই মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসামি বলে প্রণব ভট্টাচার্য্য জানান। তিনি বলেন, “ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে (দিদার) হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে।” অর্থ পাচারের ওই দুই মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মো. হোসেন বর্তমানে কারাবন্দি। দুই মামলায় ১৮ দিনের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে দুদক। ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদও এই দুই মামলায় কারাগারে গেলেও পরে উচ্চ আদালত তাকে জামিন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিও/এমআই/১৫২০ ঘ.