২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে বিএসএফের গুলি, বাংলাদেশি নিহত

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে এক বাংলদেশি যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

দিনাজপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে এক বাংলদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিজানুর রহমান জানান, ফুলবাড়ী উপজেলার জলপাইতলী সীমান্তে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (২৮) ফুলবাড়ী উপজেলার বনিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলোয়ার ভারত থেকে গরু নিয়ে আসার সময় ১২০ বিএসএফ বাসন্তীপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের ভারতীয় অংশে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিজিবি অধিনায়ক জানান, এ ঘটনা নিয়ে আলোচনার জন্য কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক বরতে চিঠি পাঠানো হয়েছে। ওই বৈঠকে ঘটনার প্রতিবাদ জানানো হবে এবং লাশ ফেরত চাওয়া হবে। ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশি হতাহতের ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মধ্যে গত বছর ভারত সরকার জানায়, তারা বিএসএফের হাতে প্রাণঘাতী নয়- এমন অস্ত্র দেবে। এরপর গুলির ঘটনা কিছুটা কমে এলেও গত কয়েক মাসে তা আবার বেড়ে যায়। স্বরাষ্ট্র সচিব পর্যায়ের তিন দিনের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসে ভারতের সচিব আর কে সিং গত সোমবার বলেন, “বিএসএফ সদস্যরা আক্রান্ত হয় বলেই গুলি চালায়।” আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের সময় আর কে সিং সাংবাদিকদের আরো বলেন, “যাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তারা গরু চোরাকারবারী।” ঢাকার মানবাধিকার সংগঠন নাগরিক আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে বিএসএফে হাতে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় হয় ৯৮৭ জন, অপহৃত হয় অন্তত এক হাজার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৪৫ ঘ.