ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় অবশিষ্ট সাফাই সাক্ষীদের ২১ অক্টোবর আদালতে হাজির করতে কড়া নির্দেশ দিয়েছে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
ওই দিন হাজির করতে না পারলে আসামি পক্ষের আর কোনো সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সাঈদীর জ্যেষ্ঠ আইনজীবী মিজানুল ইসলাম ক্ষমা প্রার্থনার সুরে ট্রাইব্যুনালকে বলেন, এদিনের জন্য হাজির করার মতো কোনো সাক্ষী নেই। অন্যদিকে জেরা শেষ করতে না পারা পঞ্চদশ সাক্ষীও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেনি।
এর আগে সাঈদীর পক্ষে সাক্ষীর সংখ্যা ২০ জনে সীমিত করে দেয় ট্রাইব্যুনাল।
বুধবার ট্রাইব্যুনাল আসামি পক্ষকে বলে, বৃহস্পতিবার অন্তত দুজন সাক্ষী এবং বাকি তিনজনকে রোববার হাজির করতে হবে।
ট্রাইব্যুনাল বলে, প্রয়োজন পঞ্চদশ সাক্ষীর জন্য একটি বিছানার ব্যবস্থা করা হোক যাতে তিনি শুয়ে জেরার মুখোমুখি হতে পারেন।
বিচারপতি মোহাম্মদ নিজামুল হক আদেশে বলেন, আসামি পক্ষের বাকি সাক্ষীদের রোববারে হাজির করতে না পারলে ভবিষ্যতে আর তাদের সাক্ষ্য নেয়া হবে না।
বৃহস্পতিবার সাইদীর ছেলে মাসুদ সাঈদীর জেরার সময় প্রসিকিউটার সৈয়দ হায়দার আলী বলেন, আলিম সনদে দেলাওয়ার হোসাইন ও সাঈদী দুটি অংশ একই হাতের লেখা নয়।
এর প্রতিক্রিয়ায় মাসুদ সাঈদী বলেন, “আমি জানি না তা ভিন্ন হাতে লেখা কি না।”
এই মামলায় প্রসিকিউশনের বক্তব্য, দেলাওয়ার হোসাইন সাঈদী আসলে দেলাওয়ার হোসাইন শিকদার ছিলেন। যুদ্ধের পরে তিনি নাম পরিবর্তন করেন।
তবে আসামি পক্ষের দাবি, দেলাওয়ার হোসাইন নামে এক রাজাকার ছিলেন, যিনি মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন। ওই ব্যক্তির অপরাধই সাঈদীর ওপর চাপানো হচ্ছে।
মাদরাসা শিক্ষা ব্যবস্থায় আলিম উচ্চ মাধ্যমিক শ্রেণির সমমানের। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদে সাধারণত ব্যক্তির বয়সও লেখা হয়।
প্রথমে সাঈদীর আলিমের সনদে বয়স লেখা হয়েছিল ১৯ বছর তিনমাস, যা পরে সংশোধন করে ১৫ বছর একমাস করা হয়েছে।
বুধবার মাসুদের জেরার প্রথম দিনে তাকে তার বাবার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার বাবা একজন লেখক।
পিরোজপুরের সাবেক সংসদ সদস্য সাঈদী দেশজুড়ে ওয়াজের জন্য পরিচিত হলেও সাঈদীর পাসপোর্টে তার পেশা হিসেবে শিক্ষক ও ব্যবসায়ী উল্লেখ রয়েছে বলে জানান প্রসিকিউটার।
রোববার মাসুদের জেরা আবার শুরু হবে।
পেশায় আবাসন ব্যবসায়ী ৩৮ বছর বয়সী মাসুদ তার বাবার তৃতীয় সন্তান। তিনি যুক্তরাষ্ট্র থেকে এমবিএ করেছেন। তিনি প্রসিকিউশন বিভাগের সাক্ষীদের জেরার সময় আসামি পক্ষকে নথিপত্র সরবরাহ করে সহযোগিতা করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএইচ/এমআই/২৩৩৬ ঘ.
bdnews24