বগুড়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আশ্বাসের পর বগুড়ায় কর্মসূচি শিথিল করেছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার চিকিৎসকরা শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি (সকাল ৮টা থেকে ১০টা) পালন করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তফা আলম নান্নু জানান, বুধবার রাতে বিএমএ’র সভায় কর্মবিরতির পরিসর কমিয়ে আনার সিদ্ধান্ত হয়।
গত ১২ অক্টোবর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুতে চিকিৎসকদের ওপর হামলা হয়। তাতে পাঁচজন চিকিৎসক আহত হন। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার থেকে বগুড়ার সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকে চারদিনের কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।
মোস্তফা আলম নান্নু জানান, পুলিশের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় কর্মসূচি শিথিলের এ সিদ্ধান্ত হয়েছে। তবে আশ্বাস অনুযায়ী আসামিরা গ্রেপ্তার না হলে আগামী শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বগুড়া ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোকবুল হোসেন বলেন, চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে। দ্রুত তদন্ত কাজ শেষ করে মামলার অভিযোগপত্র তৈরি করা হবে।
গত দুই দিন চিকিৎসকদের কর্মবিরতিতে বগুড়ার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। সরকারি হাসপাতালে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। গ্রাম থেকে আসা রোগীরা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে ফিরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএইচ/২১৩৩ ঘ.
bdnews24