ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে স্থানীয় প্রশাসন ‘নির্বিকার’ ছিল বলে সরকার সমর্থক আইনজীবীদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে আসার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম ওই প্রতিবেদন তুলে ধরেন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা চালায় ধর্মীয় উগ্রপন্থিরা। বাড়ি-ঘর ও মন্দির লুটপাট ও ভাংচুরের পাশাপাশি আগুনও দেয়া হয়।
আমীর-উল ইসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদের ১৬ সদস্যের একটি দল গত ১১ থেকে ১৩ অক্টোবর ওই এলাকা পরিদর্শন করেন।
প্রতিবেদনে বলা হয়, সেখানে সংগঠিত ঘটনাগুলো নিছক ধর্মীয় অনুভূতির আঘাতের প্রতিফলন নয় বরং পূর্ব পরিকল্পিত।
ঘটনার নানা দিকে ইঙ্গিত দিয়ে ঘটনার ‘গহ্বরে লুকানো ঘটনাকে আলোতে আনতে’ প্রতিবেদনে একটি সার্বিক অনুসন্ধানী তদন্তের প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, “স্থানীয় আইনজীবী ও স্থানীয় নেতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে, ওই উত্তেজিত সমাবেশে রামুর ওসি নিজেও বক্তব্য দেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, গোয়েন্দা সংস্থা তাকে ওই দিন কোনো খবর দেয়নি বা যোগাযোগ করেননি। ৩০ তারিখে সকালে জেলা প্রশাসক তড়িঘড়ি করে চট্টগ্রামে চলে যান তার বদলি পোস্টে।
“আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির বহুবার ওসি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে যোগাযোগ করেছেন, কিন্তু প্রশাসন ছিল নির্বিকার। ফায়ার বিগ্রেডকে ফোন করে ঘটনাস্থলে যেতে অনুরোধ করা হলে তারা ঝুঁকি নিতে অস্বীকার করে।”
“এ সব থেকে এটাই বোঝা যায় যে, স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার নির্লিপ্ত ও নেতৃত্ববিহীন,” বলা হয় প্রতিবেদনে।
ঘটনার সূত্রপাতের কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার অজ্ঞাত পরিচয়ের লোকজনকে জড়ো করা পরিকল্পিত ঘটনার ইঙ্গিত দেয় বলে আইনজীবী সমন্বয় পরিষদ মনে করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০১৫ ঘ.
bdnews24