ঝিনাইদহ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি রবিউল ইসলামের লাশ ফেরত এসেছে।
ভারতের নদীয়া জেলার হাটখালী থানার পরিদর্শক রামাপদ দাশ বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জমির হোসেনের কাছে লাশটি হস্তান্তর করেন বলে বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের ইনচার্য নায়েক সুবেদার মোর্শেদ আলম জানান।
তিনি বলেন, সন্ধ্যায় বাংলাদেশের হালদার পাড়া ও ভারতের ফতেপুরের মধ্যবর্তী একটি স্থানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বিএসএফ সদস্যদের এক বৈঠকের পর লাশটি হস্তান্তর করা হয়।
ভারত থেকে গরু আনার পথে বুধবার ভোরে ফতেহপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানদের গুলিতে নিহত হন রবিউল। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরো পাঁচ বাংলাদেশি।
এ হতাহতের প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বুধবারই বিএসএফকে চিঠি দেয় বিজিবি।
বিজিবির পক্ষে কুসুমপুর কোম্পানি কমান্ডার আমির খসরু এবং বিএসএফের পক্ষে ফতেপুর কোম্পানি কমান্ডার লক্ষ্মী নারায়ণ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৯২০ ঘ.
bdnews24